১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী এনামুল হক

তিনি ব্যাংকটির সাবেক সিইও নাসের এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 10:26 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন এনামুল হক। 

সোমবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে এনামুল হকের এ নিয়োগ কার্যকর হবে। 

বর্তমানে ব্যাংকটির কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করা এনামুল হক এসসিবির সাবেক সিইও নাসের এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি মাসের শুরুর দিকে নাসের এজাজ বিজয় এসসিবির সিইও এর পদ ছাড়েন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দীর্ঘ নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে এসসিবির নেতৃত্বে আসছেন এনামুল হক। এ ব্যাংকে তার ২৫ বছরের কর্মজীবনে বাংলাদেশসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি স্থানীয় করপোরেট, কমোডিটি ট্রেডিং ও এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট সম্পর্ক পরিচালনার পাশাপাশি তিনি বহুমাত্রিক ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনে নেতৃত্ব দিয়েছেন।

নিয়োগ প্রসঙ্গে এনামুল হক বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে এই ব্যাংক আমার পেশাগত পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই পদে নিয়োগ পাওয়া আমার দীর্ঘ পথচলার স্বীকৃতির পাশাপাশি একটি বড় দায়িত্বও।

“আমার অগ্রাধিকার থাকবে আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনন্য সংযোগ ও সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো, ক্লায়েন্ট এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি আমাদের সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করা। একইসঙ্গে সবার কাছে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করা।”

এনামুল হক ২০২৫ সালের এপ্রিল থেকে ব্যাংকটির কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময়ে তিনি ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং ঝুঁকি ব্যবস্থাপনা তদারকির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নীতি ও নির্দেশিকার পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়াও তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাইরে বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নেও অবদান রেখেছেন এনামুল হক। ২০২৩ থেকে ২০২৫ মেয়াদে তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) স্ট্যান্ডিং কমিটি অন ক্যাপিটাল মার্কেটস অ্যান্ড বন্ডের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।