১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিআইইউয়ের ১৪৫ শিক্ষার্থী পেল ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

“সিআইইউ সবসময় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের চেষ্টা করে,” বলেন উপাচার্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 01:11 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ১৪৫ শিক্ষার্থী।

রোববার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ইউনেস্কোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ এই সনদ তুলে দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে একটি বিশেষ লেকচার সেশনে অংশগ্রহণ করেন এবং শিক্ষা ও গবেষণা খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে চারটি অনুষদের ১৪৫ জন শিক্ষার্থীকে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ডিন’স লিস্ট প্রাপ্ত ৮৩ জন, ডিন’স মেরিট লিস্ট প্রাপ্ত ২৩ জন, ডিন’স অনার লিস্ট প্রাপ্ত ২০জন, ভাইস চ্যান্সেলরস লিস্ট প্রাপ্ত ১২জন এবং ভাইস চ্যান্সেলরস অনার লিস্টে স্থান পাওয়া ৭ জন।

উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার বলেন, “শিক্ষার্থীরাই একটি দেশের অগ্রগতির চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, গুণগত শিক্ষাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। সিআইইউ সবসময়ই চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে। এই অ্যাওয়ার্ড সেই প্রচেষ্টার একটি স্বীকৃতি”।