প্রথম প্রান্তিকে নগদের লেনদেন বেড়েছে ২১%
জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেশ কিছু নতুন মাইলফলক অর্জন করার কথাও বলছে নগদ।
মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকা লেনদেন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯৭ শতাংশ বেশি।
নগদ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়ে বলেছে, এটি তাদের ‘সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড’।
এর আগে গত বছরের প্রথম প্রান্তিকে নগদের লেনদেন হয়েছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস হিসেবে গত লেনদেন হয়েছে ৪০ হাজার ৩০১ কোটি টাকা। নির্বাচনের মাস ফেব্রুয়ারিতে লেনদেন হয় ২৯ হাজার ৫৮৫ কোটি টাকা। এরপর মার্চে এসে লেনদেন হয় ৪১ হাজার ৪৬৯ কোটি টাকা।
“জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেশ কিছু নতুন মাইলফলক অর্জন করেছে নগদ। সবশেষ এই প্রান্তিকে নগদে যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি ব্যাংক অ্যাড মানি হয়েছে, সবচেয়ে বেশি পেমেন্ট হয়েছে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন এবং ক্যাশ-ইন ও ক্যাশ-আউটেও এ সময় নতুন মাইলফলক গড়েছে নগদ। এর বাইরে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণ হয়েছে এই সময়ে।”
