বাংলাদেশে পোর্টেবল পাওয়ার সল্যুশন ব্র্যান্ড ইকোফ্লোর যাত্রা
ইকোফ্লোর রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন, সৌর প্যানেল এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য।
পোর্টেবল পাওয়ার সল্যুশন ব্র্যান্ড ইকোফ্লো (EcoFlow) বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
এসিআই মটরস এই টেক কোম্পানির একমাত্র পরিবেশক হিসেবে চুক্তি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসিআই মটরস লিমিটেড জানায়, গত রোববার তেজগাঁ’র এসিআই সেন্টারে ইকোফ্লোর উদ্বোধনী হয়।
এতে প্রধান অতিথি ইকোফ্লো সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর শ্যারন লি এবং রিজিওনাল সেলস ম্যানেজার রজার পেং।
এছাড়াও উপস্থিত ছিলেন এসিআই মটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস এবং চিফ বিজনেজ অফিসার আসিফ উদ্দিন।
এফ এইচ আনসারী বলেন, “বাংলাদেশে বিকল্প শক্তি ব্যবস্থার চাহিদা দিন দিন বাড়ছে। ইকোফ্লোর বিশ্বমানের প্রযুক্তি ও এসিআই মটরসের বাজার অভিজ্ঞতা একসাথে মিলে এই খাতে টেকসই পরিবর্তন আনতে সক্ষম হবে।”
সুব্রত রঞ্জন দাস বলেন, “এসিআই মটরস সবসময় উদ্ভাবনী ও পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে কাজ করেছে এবং ইকোফ্লোর সাথে আমাদের সহযোগিতা দেশের শক্তি খাতের উন্নয়নে একটি নতুন অধ্যায় শুরু করবে।”
শ্যারন লি বলেন, “আমরা বাংলাদেশে আমাদের পথচলা শুরু করতে পেরে গর্বিত। এখানকার জনগণকে সাশ্রয়ী ও আধুনিক বিদ্যুৎ সমাধান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকোফ্লোর পণ্যের মধ্যে রয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন, সৌর প্যানেল এবং অন্যান্য আধুনিক প্রযুক্তিনির্ভর শক্তি সলিউশন, যা দেশের দূরবর্তী অঞ্চল এবং জরুরি প্রয়োজনীয়তার সময় বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
