Published : 17 Jun 2026, 10:39 AM
বস্ত্র খাতের ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসিকে ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণ দিয়েছে বেসরকারি সিটি ব্যাংক। এই ঋণে ঢাকা ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক পিএলসিও যুক্ত রয়েছে।
সিন্ডিকেশন ঋণটিতে মেয়াদি ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানিয়েছে, ঢাকার একটি হোটেলে এ ঋণ চুক্তি সই হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ, বিআইএফএফএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিসুজ্জামান, ফার ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজর চেয়ারম্যান আসিফ মঈন উপস্থিত ছিলেন।
মাসরুর আরেফিন বলেন, “টাকা সিন্ডিকেশন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে এমন স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পুঁজি সংগ্রহ ও সহায়তা করার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রদান করে। আমরা এই লেনদেনের মাধ্যমে ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসিকে সহায়তা করতে পেরে আনন্দিত।”
আসিফ মইন বলেন, “প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে এবং ২০২৭ সালের প্রথম দিকে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা আমাদেরকে বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের ক্রমবর্ধমান চাহিদা আরো ভালোভাবে মেটাতে সক্ষম করবে।”
ঋণের অর্থ দিয়ে ফার ইস্ট স্পিনিং নতুন করে ২৮ হাজার ৫০০টি স্পিন্ডল যুক্ত করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।