১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা সম্প্রসারণে সিটি ব্যাংক-ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

চুক্তির আওতায় সিটি ব্যাংক পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং মাইক্রোফাইন্যান্স কোম্পানির জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 11:59 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশনে সুবিধা সম্প্রসারণে সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজি এমএসএমই অর্থায়ন ও কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে দুই বছর মেয়াদি অংশীদারিত্ব কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

সোমবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় সিটি ব্যাংক পিএলসি পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং মাইক্রোফাইন্যান্স কোম্পানির জন্য ২০০ কোটি টাকা অর্থায়ন করবে।

সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘শেপিং দ্য ফিউচার অব সেফ ওয়াটার’ শিরোনামে ঢাকার একটি হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। 

ব্যাংকটি বলছে, এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ‘স্বল্প সুদ ও সহজ শর্তে’ ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। পানি সরবরাহ ও স্যানিটেশন খাতের উদ্যোক্তাদের জন্য সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক ও স্থানীয় পর্যায়ে সমাবেশ আয়োজন করা হবে। 

এর মাধ্যমে নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা চর্চা আরও জোরদারের আশা করছে তারা। 

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্মল, মাইক্রোফাইন্যান্স এন্ড এজেন্ট ব্যাংকিং বিজনেস কামরুল মেহেদি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং মহিবুর রহমান, ওয়াটার ডট ওআরজির নির্বাহী পরিচালক এবং দক্ষিণ এশিয়া ও কান্ট্রি ডিরেক্টর সাজিদ অমিতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এছাড়াও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সংস্থা থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে পানির স্তর নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে নিরাপদ পানির সংকটকে আরও তীব্র করতে পারে। এ বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনার ও উদ্যোগ নিতে হবে।”

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এই উদ্যোগের সঙ্গে টেকসই অর্থায়ন নীতির সামঞ্জস্য তুলে ধরেন। 

অন্তর্ভুক্তিমূলক ও প্রভাবভিত্তিক ঋণ প্রদানের মাধ্যমে এসডিজি-৬ (নিরাপদ পানি ও স্যানিটেশন) এবং এসডিজি-৮ অর্জনে ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।