১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি-ব্র্যাক ব্যাংকের এমওইউ

তরুণ ডেভলপারদের অ্যাপের প্রচার, বিকাশ ও টেকসই পরিচালনাতেও সহায়তা করা হবে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 11:46 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ডিজিটাল সেবাদাতা কোম্পানি রবি আজিয়াটা পিএলসি ও ব্র্যাক ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে, যেটির আওতায় বিডিঅ্যাপসের ডেভেলপারদের অর্থায়ন করা হবে।

রবির অ্যাপ মার্কেটপ্লেস বিডিঅ্যাপসের সঙ্গে যুক্ত ডেভেলপারদের জন্য এমন উদ্যোগ নেওয়ার কথা রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে মোবাইল ফোন অপারেটরটি।

এতে বলা হয়, সম্প্রতি ঢাকায় রবির করপোরেট অফিসে সমঝোতা স্মারকটি সই হয়। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক আর্থিক সেবা দেবে।

এছাড়া তরুণ ডেভলপারদের অ্যাপের প্রচার, বিকাশ ও টেকসই পরিচালনায় সহায়তা করা হবে বলে তাদের তরফে বলা হয়েছে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন, হেড অব মিডিয়াম বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

রবি আজিয়াটার চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক  লাল দাস ও জেনারেল ম্যানেজার (ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস) শফিক শামসুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

শিহাব আহমাদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তরুণ অ্যাপ ডেভেলপারদের উদ্ভাবনী ধারণাকে টেকসই ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় অর্থায়ন সহায়তা প্রদান করা হবে।

“এই উদ্যোগ তরুণ ডেভেলপারদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতেও ভূমিকা রাখবে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।