১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তরুণদের দক্ষ হিসেবে গড়তে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ব্র্যাকের চুক্তি

প্রকল্পের অধীনে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ১ হাজার ৫০০ জনকে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হবে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 09:31 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

‘এমপাওয়ারিং দ্য ফিউচার’ নামে অর্থসামাজিক উন্নয়নমূলক উদ্যোগ চালু করতে একটি চুক্তিতে সই করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ব্র্যাক।

দক্ষতা বাড়িয়ে দেশের তরুণদের মধ্যে বেকারত্ব কমানো এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ চুক্তি হয় বলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়, প্রকল্পের অধীনে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ১ হাজার ৫০০ জনকে স্থানীয় বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিশেষ দক্ষতা প্রশিক্ষণ, পরামর্শ ও চাকরির সহায়তা দেওয়া হবে।

চুক্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ সই করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ব্র্যাকের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কেননা, তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে কারিগরি যোগ্যতা ও ডিজিটাল স্বাক্ষরতার অভাব এবং আর্থিক পরিষেবার অপ্রতুলতা এখনও বড় বাধা।” 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বলছে, ১২টি জেলায় এ প্রকল্প চলবে। এর মধ্যে রয়েছে গাজীপুর, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পে অংশগ্রহণকারীদের ভোকেশনাল ইনস্টিটিউট, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কাঠামোবদ্ধ সেশনের মাধ্যমে নির্বাচিত করা হবে এবং তারা খাতভিত্তিক বিশেষ প্রশিক্ষণ পাবেন। 

এর মধ্যে চাকরিপ্রত্যাশীরা শিল্পকারখানার সেলাই, ইলেকট্রনিক যন্ত্র মেরামত, হসপিটালিটি, ডিজিটাল মার্কেটিং, রিটেইল, কৃষি ও নির্মাণ খাতে হাতে-কলমে দক্ষতা অর্জন করবেন।

অন্যদিকে উদ্যোক্তা হতে যারা আগ্রহী, তারা ১২ সপ্তাহের ব্যবসায়িক প্রশিক্ষণ, পরামর্শ ও কার্যকর দিকনির্দেশনা পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

অনুষ্ঠানে নাসের এজাজ বিজয় বলেন, “দেশের অগ্রযাত্রায় ক্রমবর্ধমান বেকারত্ব একটি বড় চ্যালেঞ্জ। এ প্রকল্পের মাধ্যমে আমরা ১২ জেলায় তরুণদের ক্ষমতায়ন করতে চাই।”

আসিফ সালেহ বলেন, "ব্র্যাক বিশ্বাস করে, তরুণরাই দেশের অর্থনৈতিক পতিবর্তনের প্রধান চালিকা শক্তি। তাদের হাতে ব্যবহারযোগ্য ও বাজার-সংশ্লিষ্ট দক্ষতা, সঠিক পরামর্শ ও অর্থায়নের সুযোগ করে দিয়ে আমরা তাদের সম্ভাবনাকে উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে বিকশিত করতে চাই।"