Published : 19 Oct 2025, 09:38 PM
দেশব্যাপী টেলিকম সংযোগকে ‘আরও শক্তিশালী’ করার লক্ষ্যে ‘অবকাঠামো শেয়ার’ করবে টেলিকম সেবার কোম্পানি গ্রামীণফোন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এবং টাওয়ার কোম্পানি ইডটকো।
এই পদক্ষেপ দেশের ‘ডিজিটাল ইকোসিস্টেমকে’ আরও সমৃদ্ধ করতে ‘সহায়ক ভূমিকা রাখবে’ বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করেছে গ্রামীণফোন।
এ বিষয়ে তিন কোম্পানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহযোগিতার আওতায় গ্রামীণফোন ও টেলিটককে অবকাঠামো সহায়তা দেবে ইডটকো। এর মাধ্যমে সারাদেশে নেটওয়ার্ক কভারেজ প্রসারিত করতে পারবে তারা।
একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে কোম্পানি দুটির পরিচালন, নেটওয়ার্কের দক্ষতা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণসহ ‘কোটি কোটি গ্রাহকের’ সেবার মান উন্নত হবে; পাশাপাশি আরো সহজলভ্য হবে তাদের সেবা।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক এই চুক্তিতে সই করেন।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, টেলিটকের ডেপুটি জেনারেল ম্যানেজার (রেগুলেটরি অ্যান্ড করপোরেট রিলেশন) এস এম লুৎফুল্লাহিল মজিদ এবং ইডটকো বাংলাদেশের অ্যাকাউন্ট ম্যানেজার কাজী অয়ন আদনানসহ তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকেন গ্রাহক। এই বিশ্বাস থেকেই এই সহযোগিতা, যা আমাদের সারাদেশে নেটওয়ার্ক কাভারেজ আরও শক্তিশালী করতে এবং প্রতিদিন যে সেবাগুলো আমরা প্রদান করি, তার গুণগত মান উন্নত করতে সহায়তা করবে। এই একই টাওয়ার অবকাঠামো ব্যবহারের ফলে আমরা আরও দক্ষভাবে কার্যক্রম পরিচালনা, দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও নিরবচ্ছিন্নভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ প্রদান করতে পারব।”
টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর নুরুল মাবুদ চৌধুরী বলেন, “রাষ্ট্রায়ত্ত অপারেটর হিসেবে আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে সারাদেশে সেবা পৌঁছে দেওয়া। আমাদের দক্ষতা বাড়াতে এবং গ্রাহকদের জন্য আরও মানসম্মত সেবা নিশ্চিত করতে, আমাদের সক্ষমতা বাড়াবে এই সহযোগিতা।”
ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “ইডটকোতে আমরা সবসময় অপারেটরদের জন্য সম্ভাবনাময় ও টেকসই সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশে টেলিকম ইকোসিস্টেম গড়ে তুলতে আমাদের ভূমিকাকে আরো জোরলো করবে এই চুক্তি, পাশাপাশি দেশব্যাপী টেলিকম সংযোগের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ পাব আমরা।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিনটি কোম্পানিরই একটি অভিন্ন লক্ষ্য হচ্ছে ডিজিটালি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ আরও উন্নত সংযোগ ও ডিজিটাল সেবার আওতায় আসেন। ত্রিপক্ষীয় এই চুক্তিটি এই অভিন্ন লক্ষ্যকে আরো সংহত করেছে।”