স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
এ চুক্তির মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অগ্রাধিকারমূলক মূল্যে স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সেবা পাবেন।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) তাদের কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দুই কোম্পানির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সেখানে বলা হয়, মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নাজমুল হুদা সরকার এবং ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফয়জুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় এমডিবির কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ স্বাস্থ্যসেবা প্যাকেজে ৩০ শতাংশ, সব প্যাথলজিক্যাল পরীক্ষায় ২০ শতাংশ এবং সব ডায়াগনস্টিক পরীক্ষা ও অন্যান্য সেবায় ১০ শতাংশ ছাড় পাবেন। ইনপেশেন্ট কক্ষের ভাড়ায় পাওয়া যাবে ৫ শতাংশ ছাড়।
মিডল্যান্ড ব্যাংক বলেছে, এ চুক্তির মাধ্যমে কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অগ্রাধিকারমূলক মূল্যে স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সেবা নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে ব্যাংকের মূল্য সংযোজনী সুবিধাও বাড়বে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের কার্ডস বিভাগের প্রধান মো. আবেদ-উর-রহমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম এনামুল হক উপস্থিত ছিলেন।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবু রায়হান আল বেরুনী এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হকসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
