Published : 24 Nov 2025, 06:35 PM
মাস্টারকার্ডের নতুন প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, দেশের ভেতরে ও বিদেশে গ্রাহকদের লেনদেন আরও ‘দ্রুত’, ‘নিরাপদ’ ও ‘সুবিধাজনক’ করতে রোববার এই কার্ডটি উদ্বোধন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কার্ডে নানা সুবিধাজনক ফিচারের পাশাপাশি রয়েছে রিওয়ার্ড জেতার সুযোগ, যা গ্রাহকদের ঝামেলাহীন পেমেন্টের পাশাপাশি দেবে বাড়তি সুবিধা।
কার্ডটি বিশ্বব্যাপী মাস্টারকার্ড নেটওয়ার্কে যে কোনো মুদ্রায় ব্যবহারযোগ্য। ফলে ভ্রমণ, কেনাকাটা ও আন্তর্জাতিক লেনদেনকে সহজ করবে।
এছাড়া নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ‘তারা’ ডেবিট কার্ডে প্রতি মঙ্গলবার দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট সুবিধা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএফসি-সক্ষম কন্ট্যাক্টলেস প্রযুক্তি, ইএমভি চিপ এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা সংবলিত কার্ডটি নিরাপদ ও নির্বিঘ্ন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে।
কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের সাড়ে ৯ হাজারের বেশি পার্টনার মার্চেন্টে এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। গ্লোবাল একসেপ্টেন্স এবং মাস্টারকার্ড ‘প্রাইসলেস সেশালস’ প্ল্যাটফর্মের সুবিধাও গ্রাহকদের দেবে আলাদা অভিজ্ঞতা।
নেটফ্লিক্স, স্পটিফাই ও অ্যামাজন প্রাইমে সাবস্ক্রাইব করতে এবং সোশ্যাল মিডিয়া পোস্ট প্রমোশনেও এ কার্ড ব্যবহার করা যাবে।
আস্থা অ্যাপের সঙ্গে যুক্ত এই মাল্টিকারেন্সি কার্ডটি এটিএম থেকে কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলন ও কিউআর-ভিত্তিক পেমেন্ট সুবিধা দেবে, যা সহজে অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও, বিশ্বব্যাপী পার্টনার মার্চেন্টে কার্ডহোল্ডাররা উপভোগ করবেন বিশেষ ডিসকাউন্ট।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “দৈনন্দিন ব্যবহারযোগ্যতা, গ্লোবাল এক্সেস এবং নিরাপদ প্রযুক্তির সমন্বয়ে এই কার্ডটি গ্রাহকদের যে কোনো স্থানে নিরাপদ আর্থিক লেনদেনে উদ্বুদ্ধ করবে।”