Published : 04 Dec 2025, 09:51 PM
ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনের ‘ক্যারিয়ার ফেয়ার’ শেষ হয়েছে।
মেরুল বাড্ডা ক্যাম্পাসে বৃহস্পতিবার এ মেলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মেলায় ৬০টির বেশি কোম্পানির অংশ নেওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘অন-স্পট ইন্টারভিউ’, ‘ক্যারিয়ার টক’সহ বিভিন্ন আয়োজন ছিল।
মেলায় অংশ নেয় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক, বাংলালিংক, ব্র্যাক, শেভরন, বিকাশ, বার্জার, এসিআই, এপেক্স, স্কয়ারের মতো প্রতিষ্ঠান।
ব্র্যাক ইউনিভার্সিটির ‘অফিস অফ ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস’ এই মেলারন আয়োজন করে।
উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “আমাদের শিক্ষার্থীরা সব ধরনের কাজ শিখছে। তারা ঘর মোছার মত সাধারণ কাজ থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের উচ্চ পদে পর্যন্ত কাজ করার যোগ্যতা অর্জন করছে।
“টেকসই উদ্ভাবন ও সামাজিক উদ্ভাবন- এই দুটি ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির কাজের মূল জায়গা। এ ছাড়াও আমরা জাতিসংঘ ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে চলেছি। একইসঙ্গে আমরা দেশীয় শিল্পখাতের সঙ্গে কাজ করছি, যাতে তারা অর্থনৈতিক, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিমালা বাস্তবায়ন করতে পারে।”
দ্বিতীয় ধাপে ‘স্পটলাইট বাই সিটি ব্যাংক’ অনুষ্ঠানে শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি, ব্যাংকিং খাতে কাজের সুযোগ এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা হয়।
এ সেশনে প্রধান বক্তা হিসেবে ছিলেন সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দার।
তিনি শিক্ষার্থীদের বলেন, “ক্যারিয়ার গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল আপনাদের লক্ষ্য এবং স্বপ্নের সঙ্গে নিজের কাজের সামঞ্জস্য থাকতে হবে। ব্যাংকিং সেক্টরে কাজ করার জন্য ফাংশনাল এবং কমিউনিকেশন স্কিলের পাশাপাশি দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই জরুরি।”