Published : 21 Apr 2026, 12:56 AM
শিল্প ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য দুই গুণীজনকে সংবর্ধনা দিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়।
সোমবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
এদের মধ্যে নাট্যকলায় অসাধারণ অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে কামরুজ্জামান বালার্ককে। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলা থিয়েটার ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অস্ট্রেলিয়া সরকারের ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) সম্মাননায় ভূষিত হয়েছিলেন।
অপরদিকে শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে মাহিউদ্দিন আবদুল আহাদকে। তার প্রতিষ্ঠিত ‘আহাদ ফ্যামিলি এডুকেশন ফান্ডের’ মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
তার এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল মান্নান স্বাগত বক্তব্য রাখেন। এরপর সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের কাজ ও অবদান তুলে ধরে ‘অডিও-ভিজ্যুয়াল প্রেজেন্টেশন’ প্রদর্শন করা হয়।
পরে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উপর রচিত সম্মাননাপত্র পাঠ করা হয়। কামরুজ্জামান বালার্কের সম্মাননাপত্র পাঠ করেন নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও ডা. মাহিউদ্দিন আবদুল আহাদের সম্মাননাপত্র পাঠ করেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এরপর তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত দুই অতিথি। তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সংস্কৃতি, শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
উপাচার্য শরীফ নাফে আস-সাবের বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে।
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন এ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস আলম সিদ্দিকী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা।