কর্পনেটে ২ লাখ ২৭ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে: ব্র্যাক ব্যাংক
“ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনাকে আমাদের কর্পনেট আরো স্মার্ট করেছে,” বলেন ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান।
করপোরেট ডিজিটাল সল্যুশন ‘কর্পনেটে’ ২০২৫ সালে ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকা লেনদেন হওয়ার কথা বলেছে ব্র্যাক ব্যাংক।
এই অর্জন একটি ‘লক্ষণীয় মাইলফলক’ বলে ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ফর্মটিতে মোট লেনদেনের পরিমাণে বাৎসরিক ৪৩ শতাংশ এবং লেনদেনের সংখ্যায় বাৎসরিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
“এটি বাংলাদেশের কর্পোরেট ব্যাংকিং খাতে ডিজিটাল সেবার দ্রুত সম্প্রসারণের প্রতিফলন।”
ব্যাংকটি বলেছে, বর্তমানে ‘কর্পনেটে’ প্রায় ২ হাজার ৫০০ ব্যবসা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এরমধ্যে ২০২৫ সালে যুক্ত হয়েছে ৯০০টির বেশি প্রতিষ্ঠান।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করেছে আমাদের কর্পনেট। এখানে প্রতিটি ডিজিটাল ট্রানজ্যাকশন ম্যানুয়াল কাজ কমায়।
“কাগজের ব্যবহার হ্রাস করে এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ায়। ফলে, আমাদের ক্লায়েন্টরা এখন আরও দক্ষভাবে ব্যাংকিং সেবা নিতে পারছে, যা তাদের সময় ও খরচ সাশ্রয় করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমকে করেছে গতিশীল।”
