Published : 13 Nov 2025, 10:04 PM
সারাদেশ থেকে প্রায় ৪০০ জন পরিবেশক ও কোম্পানির পরিচালকদের নিয়ে কক্সবাজারে ডিস্ট্রিবিউটর কনফারেন্স করেছে মেঘনা ফ্রেশ এলপিজি।
গত ৩ নভেম্বর ‘ফুয়েলিং পার্টনার ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০২৫’ শিরোনামে এ অনুষ্ঠান হয়।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) কোম্পানি মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
তার সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, পরিচালক তানভীর আহমেদ মোস্তফা ও তাসনিম মোস্তফা, এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এক্সপোর্ট সামিরা রহমান।
মোস্তফা কামাল বলেন, “এমজিআই সবসময়ই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে। ২০১৯ সালে আনুষ্ঠানিক পথচলা শুরু করার পর মাত্র পাঁচ বছরের মধ্যেই ফ্রেশ এলপি গ্যাস বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড-এর জায়গা করে নিয়েছে।
“বাংলাদেশের এলপিজি শিল্প বর্তমানে এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। একসময় যেখানে এলপিজি অনেকের কাছেই অপরিচিত ছিল, আজ তা দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলেও জনপ্রিয় হয়ে উঠেছে। গৃহস্থালী ব্যবহার থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা এবং পরিবহন খাতেও এলপিজি-এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে এবং দেশের প্রতিটি প্রান্তে মানসম্মত পণ্য পৌঁছে দিতে ফ্রেশ এলপি গ্যাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
ফ্রেশ এলপি গ্যাসের অগ্রযাত্রায় পরিবেশকদের অবদান তুলে ধরে তিনি বলেন, “আমাদের এই সাফল্য একার নয়। আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনার ও ভোক্তাগণ এই ব্র্যান্ডের প্রকৃত শক্তি। বাজারে আপনাদের উপস্থিতি, গ্রাহকের সঙ্গে সম্পর্ক এবং প্রতিদিনের কঠোর পরিশ্রমই আমাদের সাফল্যের মূল ভিত্তি।
“আমি সবসময় বিশ্বাস করি— ব্র্যান্ড গড়ে তোলে মানুষ, কিন্তু সেই ব্র্যান্ড টিকিয়ে রাখে সম্পর্ক। আর এই সম্পর্কই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”
অনুষ্ঠানে তানভীর আহমেদ মোস্তফা বলেন, “আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকল ব্যবসায়িক সহযোগী ও কর্মকর্তাদের প্রতি, যাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব, আস্থা ও সহযোগিতা ফ্রেশ এলপি গ্যাসের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের বিশ্বাস ও অঙ্গীকার একটাই— আমরা একসাথে এগিয়ে যাব।
“এমজিআই টেকসই প্রবৃদ্ধিতে বিশ্বাস করে। নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও অত্যাধুনিক অবকাঠামোগত উন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যাতে সবসময় ভোক্তার দোরগোড়ায় সময়মতো মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া যায়।”
অনুষ্ঠানে ২০২৫ সালের সেরা পরিবেশক ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআই চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন, সিনিয়র ম্যানেজার (একাউন্টস) মোহাম্মদ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।