Published : 12 Oct 2025, 01:17 AM
‘ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন’ সেবা দিতে ডিবিএল গ্রুপের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এ সেবার মাধ্যমে ডিবিএল গ্রুপের পেমেন্ট কার্যক্রমকে আরও ‘গতিশীল ও ঝামেলাহীন’ করবে বলে শনিবার ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ডিবিএল গ্রুপের ইআরপি সিস্টেমের সঙ্গে হোস্ট-টু-হোস্ট (এইচটুএইচ) সংযোগ স্থাপন করেছে। এই ইন্টিগ্রেশনের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে।
ব্যাংকটির করপোরেট ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট মেকার মডিউল’ ম্যানুয়াল কাজের প্রয়োজনীয়তা দূর করে কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ডিজিটাল সিস্টেমের ফলে ট্রানজ্যাকশনের তাৎক্ষণিক আপডেট পাওয়া যাবে, দ্রুত পেমেন্ট সম্পন্ন হবে এবং নিরাপদ ও সুরক্ষিত চ্যানেলে ডেটা আদান-প্রদান নিশ্চিত হবে।
৫ অক্টোবর ডিবিএল গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তিটি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান ও উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন ইকবাল।
ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. এ. কাদের (অনু)।
চুক্তিটি করপোরেট গ্রাহকদের আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সল্যুশন প্রদানে ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ডিবিএল গ্রুপের অন্যতম প্রধান পেমেন্ট ব্যাংক হিসেবে উদ্ভাবনী ও ডিজিটাল ব্যাংকিং সুবিধার মাধ্যমে প্রতিষ্ঠানটির করর্পোরেট ব্যাংকিং অভিজ্ঞতা আরো উন্নত করতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে এতে তুলে ধরা হয়।