Published : 24 Jun 2025, 04:52 PM
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছে রিমার্ক এইচবি লিমিটেড।
প্রসাধনী উৎপাদনকারী কোম্পানিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া ও পরিচালক আলমগীর আলম সরকারের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
এম সাখাওয়াত হোসেন বলেন, “প্রসাধনীর বাজারে বিশ্বস্ততা এনে দিয়েছে রিমার্ক। মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে তারা। বিদেশি ক্রেতাদের কাছেও এখন বাংলাদেশের প্রসাধনী সমাদৃত হচ্ছে।”
আদিলুর রহমান খান মনে করেন, রিমার্কসহ যেসব কোম্পানি এ সম্মানা পেল, তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে।
আশরাফুল আম্বিয়া বলেন, “রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত, যা পণ্যের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়।”
অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের (এএসবিএমইবি) সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, “রিমার্ক এইচবি লিমিটেডের এ কারখানা প্রসাধনীর আমদানিনির্ভরতা কমিয়েছে।”