ইসলামী ব্যাংকিং নিয়ে মিডল্যান্ড ব্যাংকের প্রশিক্ষণ
ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা, শরিয়াসম্মত ব্যাংকিং পণ্য, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ কর্মসূচিতে ধারণা দেওয়া হয়।
‘ইসলামী ব্যাংকিংয়ের বিষয়গুলো নিয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচি শেষ করেছে মিডল্যান্ড ব্যাংক।
ব্যাংকের বনানীর ‘এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে’ সম্প্রতি এ প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা, শরিয়াসম্মত ব্যাংকিং পণ্য, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা সম্পর্কে ধারণা দেওয়া।
প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদউদ্দিন আহমেদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম।
দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর সাদেক এবং সিটি ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান।
প্রশিক্ষণ কর্মসূচিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন।
