Published : 05 Jan 2026, 08:50 PM
গত এক বছরে আমানতে তিনগুণের বেশি প্রবৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
২০২৪ সালে যেখানে এই ব্যাংকের আমানতে প্রবৃদ্ধি হয়েছিল ৪ হাজার ৮২ কোটি টাকা, সেখানে সদ্য বিদায়ী ২০২৫ সালে তা বেড়ে রেকর্ড প্রায় ১৩ হাজার কোটি টাকা হয়েছে।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু আমানতেই নয়, গ্রাহকসংখ্যা বৃদ্ধিতেও ‘নজির’ গড়েছে ব্যাংকটি।
২০২৪ সালে যেখানে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৪ লাখ ১১ হাজার, সদ্য বিদায়ী বছরে সেখানে ৬ লাখ ৭৮ হাজার নতুন গ্রাহক ইউসিবির সঙ্গে যুক্ত হয়েছেন।
সেইসঙ্গে ব্যাংকটির আর্থিক শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনাতেও ‘উল্লেখযোগ্য উন্নতি’ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও (এডিআই রেশিও) ২০২৪ সালের ৯১ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৮৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যা ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতার ‘একটি শক্তিশালী সূচক’ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “প্রায় ১৩ হাজার কোটি টাকার আমানত প্রবৃদ্ধি গ্রাহকদের ইউসিবির প্রতি অটুট আস্থার সুস্পষ্ট প্রতিফলন। এই আস্থা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বেরও। আমরা এই বছরে প্রায় ৩.৩ বিলিয়ন ডলারের রপ্তানি এবং প্রায় সমান পরিমাণ আমদানি অর্থায়ন করেছি, ডলারের দুর্বল বাজারেও এটি ইউসিবির শক্তি ও সামর্থ্যের পরিচয়। এই মাইলফলক অর্জনে ইউসিবির পুরো পরিবারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “যখন সংখ্যা নিজেই গল্প বলে আর বিশ্বাস হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি, তখন সাফল্য অনিবার্য। ইউসিবির এই অর্জন আমাদের টিমের পেশাদারত্ব, সততা ও সমন্বিত প্রচেষ্টার ফল। আগামীতেও গ্রাহককেন্দ্রিক সেবা, ঝুঁকিনিয়ন্ত্রিত কার্যক্রম ও টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”