১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘নেক্সাস সেমিনার’

এ সিরিজ সেমিনার ব্যবসা, অর্থনীতি, সমাজ এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন হিসেবে কাজ করবে, বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 10:20 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘নেক্সাস সেমিনার সিরিজ’ শুরু হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনার সিরিজ উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ইউআইইউ কর্তৃপক্ষ তুলে ধরেছে।

‘স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’ এর উদ্যোগে এ সেমিনার আরম্ভ হয়েছে। এটি ব্যবসা, অর্থনীতি, সমাজ এবং অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেক্সাস সেমিনারে শিল্পক্ষেত্রের পেশাদারদের নেতৃত্বে সংলাপ হবে। শিক্ষার্থীরা শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পাবেন, যা শ্রেণিকক্ষের পাঠদানের সঙ্গে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সমন্বয় সৃষ্টি করবে।

উদ্বোধনী সেমিনারে বিশ্ব ব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ ইফতিখার মোস্তফা ‘কাঠামোগত সংস্কারের জন্য উদ্ভাবন, ভ্যালু চেইন এবং সরকারি-বেসরকারি সহযোগিতা’ বিষয়ে বক্তব্য দেন। 

ইউআইইউ এর অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক এম ওমর ফারুক, নেক্সাস সিরিজের আহ্বায়ক অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ, ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং সাবেক উপাচার্য অধ্যাপক এমেরিটাস এম রিজওয়ান খান এবং বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক সালমা করিম সেমিনারে কথা বলেন।