১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে ‘মোবাইল হেলথকেয়ার’

এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 12:06 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ ঘিরে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে এ শিল্পগ্রুপ কর্তৃপক্ষ।

ঢাকার কাকরাইলে সেন্ট মেরিজ ক্যাথেড্রালে বৃহস্পতিবার ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’ শিরোনামে ‘মোবাইল হেলথকেয়ার’ উদ্যোগ উদ্বোধন করা হবে।

ঢাকার গুলশানের ‘স্যামসন সেন্টারে’ বুধবার সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।

এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। সুস্থ জীবনযাপন বিষয়ে সচেতনতা, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক চিকিৎসা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, “স্যামসন এইচ চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার এই স্বপ্নের ধারাবাহিকতায় এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’—যা বাংলাদেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতীক।”

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারও জন্য বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেকের মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলবর্তী মানুষদের মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”