২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে ১৫টি মডেলের ফ্রিজ আনল ওয়ালটন

“আমাদের স্বপ্ন, ১০০টির বেশি দেশে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে সেরা ইলেকট্রনিক ব্র্যান্ড প্রতিষ্ঠিত করা,” বলেন তাহসিনুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 08:20 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ বাজারে এনেছে ওয়ালটন।

শনিবার প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে ‘ওয়ালটন মেগা লঞ্চ’ শীর্ষক অনুষ্ঠানে নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ফ্রিজের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজার।

অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক বলেন, “স্থানীয় বাজারে একক আধিপত্য বজায় রাখার পাশাপাশি ওয়ালটন ইতোমধ্যে ৫৫টির বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ব্র্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে। 

“আমাদের স্বপ্ন বিশ্বের ১০০টির বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডে প্রতিষ্ঠিত করা।”

এই স্বপ্ন পূরণের যাত্রাকে আরো বেগবান করতেই আন্তর্জাতিক বাজারে একসঙ্গে নতুন ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজের উদ্ভাবনী প্রযুক্তি, ফিচারসহ অন্যান্য বিশেষ দিক তুলে ধরেন ওয়ালটন ফ্রিজের আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ভারতে ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহা।

এছাড়া ভার্চুয়াল মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররাও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।