২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কোভিড: এক দিনে ৪ মৃত্যু

দিনে শনাক্তের হার কমে হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ।

কোভিড: এক দিনে ৪ মৃত্যু

সোহরাওয়ার্দী হাসপাতালে কোভিড পরীক্ষার লাইন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 05:24 PM

Updated : 14 Oct 2022, 05:25 PM

দেশে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে; শনাক্ত হয়েছে আরও ৩৪৬ জন কোভিড রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করে ৩৪৬ জন রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার কমে হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। আগের দিন এই হার ৮ দশমিক ৯২ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ৬৮৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২১১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের সবকটি বিভাগের ৩০টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

যাদের মৃত্যু হয়েছে, তাদের দুজন ঢাকার এবং বাকিরা সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দুজনের বয়স ছিল ৬১ বছরের বেশি। একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং অন্যজনের ৩১ থেকে ৪০ বছরের ভেতরে ছিল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ৩৯ লাখ।