১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু: বৈধ অস্ত্রও বহন নিষেধ

সোমবার বিকাল ৪টা থেকে পরদিন পর্যন্ত মেট্রোরেলের বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদে অন্য কারো বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহনে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সোমবার ডিএমপির দেওয়া এক ‘বিশেষ নির্দেশনায়’ বলা হয়েছে, এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। একইসঙ্গে সোমবার থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের প্রবেশ সীমিত থাকবে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

ডিএমপি বলছে, সোমবার বিকাল ৪টা থেকে মঙ্গলবার দিনভর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রবেশে এবং ভোটকেন্দ্রে শিক্ষার্থী পরিচয়পত্র, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয়পত্র, পে-স্লিপের (শুধুমাত্র ১ম বর্ষের শিক্ষার্থী) যেকোনো একটি ব্যবহার করা যাবে।

ভুয়া ভোটার শনাক্তকরণের বিষয়ে পুলিশ বলছে, ভোটার নম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে।