১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-মুদাসসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিব-রাইয়ান

২০২৩ সালের অক্টোবরে আত্মপ্রকাশ করা ছাত্রসংগঠনটির এটি ছিল তৃতীয় নেতৃত্ব বাছাই।

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-মুদাসসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিব-রাইয়ান
জাতীয় ছাত্রশক্তির সভাপতি (উপরে বাঁ থেকে) আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। নিচে বাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলাম ও সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 11:09 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

প্রথম কাউন্সিল সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন— জাতীয় ছাত্রশক্তি।

এতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, আর সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী।

শনিবার সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতৃত্বও বাছাই হয়েছে। তাতে সভাপতি হয়েছেন হাসিব আল ইসলাম; রাইয়ান ফেরদৌস আছেন সাধারণ সম্পাদক পদে। 

এদিন দিনব্যপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে জাতীয় ছাত্রশক্তি কাউন্সিল নির্বাচন হয়। 

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ছাত্রসংগঠনটির সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আলামিন সরকার ও  সদস্য সচিব মহির আলম। 

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসীরুউদ্দীন পাটওয়ারীসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ অন্যতম নেতা আখতার হোসেনের নেতৃত্বে ২০২৩ সালের ৪ অক্টোবর ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে।

শুরুতে তাদের নাম ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। 

শিক্ষা-শক্তি-মুক্তির স্লোগান সামনে রেখে একটি রাজনৈতিক প্রজন্ম গড়ে তুলতে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি, একটি জাতীয় শিক্ষা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং রাজনৈতিক পরিসর নির্মাণ ও নাগরিকমুখী রাজনীতির মাধ্যমে সামাজিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে নতুন এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছিল।

সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে আখতার হোসেনের সঙ্গে ছিলেন নাহিদ ইসলাম।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তার সঙ্গে সদস্য সচিব হিসেবে ছিলেন মো. আবু বাকের মজুমদার।

এবারের এ কমিটি ছাত্রসংগঠনটির তৃতীয় নেতৃত্ব। সবশেষ কমিটি হয় গত অক্টোবরে; বাগছাস থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার পর। 

সেখানে কেন্দ্রীয় কমিটির সভাপতি হন জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হন আবু বাকের মজুমদার।

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সভাপতি নির্বচিত হন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী; সাধারণ সম্পাদক হন আল আমিন সরকার।