Published : 11 Aug 2025, 09:29 PM
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রতিষ্ঠাতা আজীবন সদস্য, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান, শিল্পপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণে দোয়া ও শোকসভা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে এনএসইউ কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর আজিম উদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
গত শনিবার বিকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিম উদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আজিম উদ্দিন আহমেদ সাউথইস্ট ব্যাংকের স্পনসর পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি মিউচুয়াল গ্রুপ এবং এডি হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। এ ছাড়া তিনি আর্লা ফুডস বাংলাদেশ লিমিটেডের পরিচালক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান। এরপর পর্যায়ক্রমে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য দেন।
স্মৃতিচারণ করেন এনএসইউর প্রজেক্ট ডিরেক্টর মুশতাক হাবিব এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডীন অধ্যাপক সাজ্জাদ হোসেন।
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম স্মৃতিচারণ করে বলেন, “আজিম উদ্দিন আহমেদের প্রয়াণে আমরা তার পরিবারের মতই শোকাহত। এনএসইউ প্রতিষ্ঠার অনেক আগে থেকেই তার সঙ্গে আমার পরিচয়। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ ব্যক্তি।
"তিনি বাংলাদেশের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। তার দূরদৃষ্টি ও নেতৃত্ব এনএসইউকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
বোর্ড অব ট্রাস্টিজের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন সদস্য মোহাম্মদ শাহজাহান; বেনজীর আহমেদ; রেহানা রহমান; ইয়াছমিন কামাল, এবং ফওজিয়া নাজ।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন আজিম উদ্দিনের মেয়ে ফারজানা আজিম কান্তা। তিনি বলেন, “আমার বাবা ছিলেন অসম্ভব বিনয়ী একজন মানুষ। তিনি ছিলেন উদার, সমাজের সকলের জন্য নিবেদিতপ্রাণ। এনএসইউ ছিল তার সন্তানের মত। আমাদের মতোই তিনি এনএসইউকে ভালোবাসতেন।”
এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “আজিম উদ্দিন আহমেদ ছিলেন একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। তিনি ছিলেন মহৎ হৃদয়ের মানুষ। সহপ্রতিষ্ঠাতাদের সঙ্গে এনএসইউর জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। তার আদর্শ ও প্রচেষ্টাকে সামনে রেখে আমরা এনএসইউকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “তিনি ছিলেন মহৎ ও কোমল হৃদয়ের মানুষ। তার আচরণ ছিল পরিশীলিত, তিনি যোগ্যদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতেন। এনএসইউর উন্নয়ন ও উচ্চশিক্ষা বিস্তারে তিনি অসামান্য অবদান রেখে গেছেন, যা পরবর্তী প্রজন্ম স্মরণ করবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।