Published : 30 May 2026, 12:35 AM
শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হবে শনিবার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনটি উপলক্ষে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিজীবনে একজন সফল উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন ইমামুল কবীর শান্ত। ১৭ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কর্মমুখী শিক্ষার বিস্তার ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি ভূমিকা রাখেন।
শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য।
এছাড়া শিশু ও বয়স্কদের জন্য ‘শান্তনিবাস’ নামের পুনর্বাসন কেন্দ্রসহ একাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেছেন তিনি।
১৯৫৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন ইমামুল কবীর শান্ত। ২০২০ সালের ৩০ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মৃত্যুর দিন বিকালেই রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।