১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারী শিক্ষার্থীদের জন্য ৩ বিশ্ববিদ্যালয়ে ‘চালু হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা কোর্স’

এই তিন বিশ্ববিদ্যালয় হল— স্টেট ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 11:30 PM

Updated : 11 Sep 2026, 03:51 PM

দেশের তিন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতার কোর্স চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেছে অনলাইন প্ল্যাটফর্ম— রোকেয়া কালেকটিভ।

এই তিন বিশ্ববিদ্যালয় হল— স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দুই পর্বের কর্মশালায় কোর্সের রূপরেখা ও পাঠপরিকল্পনা চূড়ান্ত হয়েছে হবে বলে রোববার রোকেয়া কালেকটিভের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নারীর অধিকার নিয়ে কাজ করা প্ল্যাটফর্মটি বলেছে, এখন বিশ্ববিদ্যালয়গুলোতে কোর্সটি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।

রোকেয়া কালেকটিভ ও সিজেইএন বাংলাদেশ কর্মশালা দুটি আয়োজন করে। এতে সহায়তা করে ফোজো মিডিয়া ইনস্টিটিউট।

পূর্বাচলের সিসিইউএলবিতে শুক্র ও শনিবার কর্মশালার দ্বিতীয় পর্ব হয়। এর আগে ১৭ ও ১৮ জুলাই হয় প্রথম পর্ব।

কর্মশালায় অংশগ্রহণকারীরা কোর্সের উদ্দেশ্য, শিক্ষণফল, সেশন কাঠামো, মূল্যায়ন পদ্ধতি ও শিক্ষা উপকরণের পরিকল্পনা তুলে ধরেন। 

অনুসন্ধানী সাংবাদিক তাসনিম খলিল, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম, চ্যানেল ওয়ানের ইনপুট অ্যান্ড প্ল্যানিং এডিটর পারভেজ রেজা এবং জিম্বাবুয়ের ড. লুলু ব্রেন্ডা হ্যারিস বিভিন্ন সেশন পরিচালনা করেন।

নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা, আত্মবিশ্বাস ও সমালোচনামূলক চিন্তার সক্ষমতা বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য।

২০২৫ থেকে ২০২৮ মেয়াদে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এজাইল উদ্যোগটি পরিচালিত হচ্ছে।