১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যের জন্য ছাত্রদলের দোয়া ও মিলাদ

দোয়ার অনুষ্ঠানে সাম্যের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্যের জন্য ছাত্রদলের দোয়া ও মিলাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ অনুষ্ঠান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2025, 07:46 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জন্য দোয়া ও মিলাদের অনুষ্ঠান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার আছর নামাজের পর দোয়ার অনুষ্ঠানে ছাত্রদল নেতা সাম্যের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “তার মৃত্যু আমাদের কাছে পাহাড়ের চেয়ে ভারী। যে সাম্য কিছুদিন আগেও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, সেই সাম্য নিজ ক্যাম্পাসেই বহিরাগতদের হত্যার শিকার হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “যেসব শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখে, তারা সাম্যের মৃত্যুতে শোকে বিমূঢ়। হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু আমরা এখনও জানি না, এই হত্যার আড়ালে কে বা কারা রয়েছে।”

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।