২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অধ্যাপক আফতাব আলমের প্রয়াণ

আফতাব আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের স্নাতক শ্রেণির প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 04:49 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আফতাব আলম খান মারা গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর জানিয়েছে, বার্ধক্যের কারণে গেল রোববার রাজধানীতে নিজের বাসায় তিনি মারা যান। 

তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

পরিবারের তিনি স্ত্রী, দুই ছেলে মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক আফতাব আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ১৯৯৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ইরাকের সুলায়মানিয়াহ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং ১৯৮৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ছিলেন তিনি। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেন। ২০১৮ সাল থেকে তিনি বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ওশানোগ্রাফি ও হাইড্রোগ্রাফি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আফতাব আলম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, “আফতাব আলম একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”

 উপাচার্য তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।