Published : 30 Apr 2026, 08:46 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনে পাথর নিক্ষেপে ট্রেন চালক নিজেই আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে নগরীর আমিন জুট মিল এলাকায় এ ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন লোকোমাস্টার মো. ওমর ফারুক। তাকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিকাল ৪টা ৪০ মিনিটে ছেড়ে আসা শাটল ট্রেনটি নগরীর হামজারবাগ মোড় থেকে আমিন জুট মিল এলাকার মাঝে পৌঁছালে পাথর নিক্ষেপ করা হয় বলে জানান ষোলশহরের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম।
তিনি বলেন, এতে লোকমাস্টার মাথায় সামান্য আঘাত পান। ঘটনার সময় তিনি ট্রেন চালাচ্ছিলেন। আহত অবস্থাতেও তিনি ট্রেন চালিয়ে চট্টগ্রামে পৌঁছান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ তাদের এ বিষয়ে এখনও কিছু জানায়নি।

পাথর ছোড়ার স্থান পরিদর্শনে গিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. রফিকুল হাসান। তিনি বলেন, হামজারবাগ মোড় থেকে আমিন জুট মিল এলাকার মধ্যে পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটে।
“এলাকাটি ঘনবসতিপূর্ণ, রাস্তার পাশে দোকানপাট রয়েছে এবং ছোট ছোট ছেলেপেলেরা প্রায়ই সেখানে অবস্থান করে। হঠাৎ করেই কে বা কারা পাথর নিক্ষেপ করেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।”
তিনি বলেন, আগে এ ধরনের ঘটনা মূলত কদমতলী রোড এলাকায় বেশি ঘটত। তবে এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।
“আমরা ইতোমধ্যে স্থানীয়দের সঙ্গে বৈঠক করে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, তবে এখনো পর্যন্ত জড়িতদের শনাক্ত করা যায়নি।”
তিনি জানান, আহত ট্রেন চালক রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাথায় আঘাত পাওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ওসি বলেন, অভিভাবকদের প্রতি অনুরোধ করা হয়েছে তারা যেন তাদের সন্তানদের এ ধরনের কাজ থেকে বিরত রাখেন।