১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে ভর্তি: প্রাক-নির্বাচনী পরীক্ষায় ৭৫৫২ জন উত্তীর্ণ

প্রথম শিফটে ২ হাজার ৫২০ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৫১২ জন ও তৃতীয় শিফটে ২ হাজার ৫২০ জনকে নির্বাচিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

প্রাক-নির্বাচনী পরীক্ষায় তিন শিফটে ৭ হাজার ৫৫২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

এর মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৫২০ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৫১২ জন ও তৃতীয় শিফটে ২ হাজার ৫২০ জনকে নির্বাচিত করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। 

বুয়েট ক্যাম্পাসে তিন শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। 

ওই পরীক্ষায় ২৪ হাজার ২১১ জন অংশ নিয়েছিলেন; তাদের মধ্যে ছাত্র ১৭ হাজার ৩৩৯ জন ও ছাত্রী ৬ হাজার ৮৭২ জন। 

আগামী ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীন ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। 

এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল-পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসন ১ হাজার ৩০৯টি। 

চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ।

এই ঠিকানায় https://ugadmission.buet.ac.bd/  ক্লিক করে ফল দেখা যাবে।