১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউজিসি সদস্য আইয়ুব ইসলামকে সংবর্ধনা

“তিনি সবসময় শিক্ষার মান উন্নয়নে আন্তরিক ছিলেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 04:10 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য এম আইয়ুব ইসলামকে সংবর্ধনা দিয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য এম এম নুরুল আবসার।

তিনি বলেন, “ড. এম আইয়ুব ইসলাম সিআইইউ’র সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের জন্য সহায়ক ছিল। তিনি সবসময় শিক্ষার মান উন্নয়নে আন্তরিক ছিলেন।”

অধ্যাপক আইয়ুব ইসলাম দীর্ঘদিন ধরে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা ও বিজনেস স্কুলের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। 

তিনি বলেন, “সিআইইউ শুধু আমার কর্মস্থল নয়, এটি আমার পরিবার। এই বিশ্ববিদ্যালয়ে কাটানো সময়গুলো আমার জীবনের অমূল্য সম্পদ।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক সৈয়দ মনজুর কাদের, ড. ইমন কল্যান চৌধুরী, ড. নাঈম আব্দুল্লাহ, ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ, ড. রোবাকা শামসের, উম্মে হোমায়রা।