১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বছরঘুরেও বৈষম্যহীন সমাজ ‘প্রতিষ্ঠা হয়নি’: ঢাবির সাদা দল

“আমি কখনো ভাবিনি আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাবো। আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2025, 02:22 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

যে বৈষম্যহীন সমাজ গড়ার আশা ও স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেটি অধরা রয়ে গেছে মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।

মঙ্গলবার বেলা ১২টায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাদা দল আয়োজিত শোভাযাত্রা বের করা হয়। সেখানে কথা বলছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম।

তিনি বলেন, “গত বছরের ঠিক এ সময়ে (সোয়া ১২ট) স্বৈরাচার দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি ১৭ বছর যা করেছিলেন তা তাকে পালাতে বাধ্য করেছিল। মানুষ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজ এখনো পাইনি।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আজকের এ দিনটি আমাদের জন্য স্বপ্নের। আমি কখনো ভাবিনি আমরা হাসিনামুক্ত বাংলাদেশ দেখতে পাবো। আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশের জন্য আন্দোলন করেছি। একাত্তরের মত চব্বিশের আন্দোলনের মালিকানা যাতে গুটিকয়েক লোকের হাতে চলে না যায় সেই কামনা করছি।”

কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাইয়ে সহস্রাধিক মানুষ আত্মাহুতি দিয়েছে, তা এখনো ‘পূর্ণ হয়নি’। 

“শহীদদের আকাঙ্ক্ষা পূরণের আগ পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

ওই শোভাযাত্রায় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, সাদা দলের সাবেক আহবায়ক অধ্যাপক আখতার হোসেন খান, যুগ্ম আহবায়ক অধ্যাপক আবুল কালাম সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম খানসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।