১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে মেসির জন্মদিন উদযাপন, ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূতও

“কঠোর পরিশ্রম, হাল না ছাড়ার মানসিকতা ও বিনয় তাকে বিশ্বের সেরা ফুটবলারে পরিণত করেছে,” বলেন রাষ্ট্রদূত সেসা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 12:15 AM

Updated : 11 Sep 2026, 03:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন উদযাপন করেছেন তার সমর্থকরা। 

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে কেক কেটে ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে ঢাকায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত ছিলেন।

সেসা বলেন, “জন্মদিন উদযাপন মানে অতীতের সুন্দর স্মৃতি ও আবেগকে স্মরণ করা। তারা শুধু মেসির জন্মদিনই নয়, বরং তার দুই দশকেরও বেশি সময়ের ফুটবল ক্যারিয়ারের অসংখ্য আনন্দঘন মুহূর্ত ও জাদুকরি পারফরম্যান্সকেও উদযাপন করতে এসেছেন।” 

তিনি বলেন, “মেসির কঠোর পরিশ্রম, হাল না ছাড়ার মানসিকতা, শৃঙ্খলা ও বিনয় তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে পরিণত করেছে।

“বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ এবং আর্জেন্টিনার মানুষের ফুটবলপ্রেমের মধ্যে গভীর মিল রয়েছে। এই অভিন্ন আবেগ এবং খেলোয়াড়দের সর্বোচ্চ প্রচেষ্টাই দুই দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে।”

‘ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা ঐক্য পরিষদ’ ব্যানারে এ অনুষ্ঠান হয়।