প্রত্যয় স্কিম: শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক 'স্থগিত'
চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে আজ আমাদের বৈঠক হওয়ার কথা ছিল।
“কিন্তু রাষ্ট্রীয় কাজে ওবায়দুল কাদেরের ব্যস্ততার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। তবে শিগগিরই ওবায়দুল কাদের আমাদের সঙ্গে বসবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি চলবে।”
জানতে চাইলে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখতিয়ার অনুযায়ী যেগুলো শিক্ষা সংক্রান্ত বিষয়, সেগুলোর মধ্যেই মন্ত্রণালয় আছে।"
কবে, কখন বৈঠক হবে এ বিষয়ে কিছু বলেননি তিনি।
এদিকে প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও খোলা হয়নি।
দুপুর ১২টা থেকে কলা ভবনের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আর সকাল থেকেই কর্মবিরতিতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
প্রত্যয় স্কিম বাতিল ছাড়াও শিক্ষকরা সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবি জানিয়ে আসছেন।
