Published : 20 Aug 2025, 04:57 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ঢাকা গণতান্ত্রিক ছাত্রসংসদের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
আর সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।
এছাড়া সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুন ডাকসুর সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ প্যানেল ঘোষণা করেন জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। এ প্যানেলের নাম দেওয়া হয়েছে ' বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ'।
ডাকসুর ২৮টি পদের মধ্যে ২৭টি পদে প্রার্থী ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। আর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীর সমর্থনে খালি রাখা হয়েছে।
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কোনো প্যানেল থেকে নির্বাচন না করলেও তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বেশ কয়েকটি সংগঠন।
সম্পাদক পদগুলোতে যারা প্রার্থী হয়েছেন–
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: মো. হাসিবুল ইসলাম
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আহাদ বিন ইসলাম শোয়েব
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মিতু আক্তার
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোহাম্মদ সাকিব
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নাহিয়ান ফারুক
ক্রীড়া সম্পাদক: আলামিন সরকার
ছাত্র পরিবহন সম্পাদক: মো. ইসমাইল হোসেন রুদ্র
সমাজসেবা সম্পাদক: মহির আলম
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: জুলাই আন্দোলনে আহত সানজিদা হক তন্বীকে সমর্থন জানিয়েছে তারা
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: রেজওয়ান আহম্মেদ রিফাত
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সাব্বির আহমেদ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: আনিকা তাহসিনা
সদস্য: মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল জবিউল্লাহ নাহিদ, তাপসী রাবেয়া, আরমানুল হক, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরিন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।
প্যানেল ঘোষণার সংবাদ সম্মেলনে এজিএস পদপ্রার্থী আশরেফা খাতুন বলেন, “আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কাজ করব। আমরা চাই, এ বিশ্ববিদ্যালয়ের কেউ যেন হিজাব-টুপির জন্য বৈষম্যের শিকার না হয়। পাশাপাশি কোনো নারীও যেন এখানে হেনস্থার শিকার না হয়। এ শিক্ষার্থীরা মানবিক মর্যাদার সাথে যেন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, আমরা সেটার জন্য কাজ করবে।”
ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এবার। মঙ্গলবার পর্যন্ত জমা পড়েছে ১০৬টি ফরম।
বুধবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী শেষমেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।