১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের বিরুদ্ধে মামলার দাবি সাদা দলের

নীল দলের (বিবৃতিতে সই করা) শিক্ষকদের অবিলম্বে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তেরও দাবি তুলে ধরা হয়েছে।

ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের বিরুদ্ধে মামলার দাবি সাদা দলের
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে দাবিদাওয়া তুলে ধরেন সাদা দলের শিক্ষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 11:59 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ‘পক্ষে অবস্থান নেওয়া’ শিক্ষক সমিতি ও নীল দলের শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ কয়েকটি দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে দাবি তুলে ধরেন সাদা দলের শিক্ষকরা।

তাদের অন্য দাবিগুলো হল-

>> নীল দলের (বিবৃতিতে সই করা) শিক্ষকদের অবিলম্বে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা।

>> পতিত সরকারকে সমর্থনকারী জসীমউদ্দীন হল ও অমর একুশে হলের প্রভোস্টকে অবিলম্বে প্রত্যাহার করা।

>> আগের প্রশাসনের সময় যেসব নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ আছে, সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোরকম স্থায়ীকরণ অথবা পদোন্নতি অথবা কোনো সুবিধা না দেওয়া।

>> সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে অবিলম্বে বরখাস্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

দাবি বাস্তবায়নে সাত দিন সময় দিয়েছে সাদা দল। নাহলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আবুল কালাম সরকার বলেন, “শেখ হাসিনার ভয়েস কল এখন একটি প্রমাণিত সত্য। তাই তার বিচার ত্বরান্বিত করার দাবিতে আমরা মানববন্ধন করব।

“আগামী রোববার সকাল সাড়ে ১১টায় আমরা অপরাজয় পাদদেশে শেখ হাসিনার বিচারকে ত্বরান্বিত করবার জন্য আমরা মানববন্ধন করব। সেইসঙ্গে শেখ হাসিনার দোসরদের বিচারের দাবি করব।”

সাদা দলের হয়ে আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সালাম ও অধ্যাপক মো. আবুল কালাম সরকার, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মো. মহিউদ্দিন দাবি তুলে ধরার সময় উপস্থিত ছিলেন।