Published : 19 Jul 2026, 04:17 PM
জলবায়ু পরিবর্তনের ফলে তাপজনিত চাপ ও বায়ুদূষণ মিলে একটি ‘দ্বৈত বোঝা’ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন এডিবির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মিনহাজ মাহমুদে।
তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কর্মশক্তির উৎপাদনশীলতা, শ্রমবাজার এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে।
শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নেক্সাস সিরিজের অংশ হিসেবে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিনারে মিনহাজ মাহমুদ ‘দ্য ডাবল বার্ডেন অব ক্লাইমেট চেঞ্জ: হাউ হিট স্ট্রেস অ্যান্ড এয়ার পলিউশন স্ট্রেটি ফাই দ্য ওয়ার্কফোর্স’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন।
এশিয়ার কয়েকটি দেশের তথ্য-উপাত্তভিত্তিক গবেষণা তুলে ধরে তিনি বলেন, “জলবায়ুজনিত ঝুঁকি সমাজের সব শ্রেণির মানুষের ওপর সমানভাবে প্রভাব ফেলে না, বরং ঘরের-বাইরে কর্মরত শ্রমিক, নারী, প্রবীণ জনগোষ্ঠী এবং ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলের বাসিন্দারা এসব ঝুঁকির কারণে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
অর্থনীতিবিদ মিনহাজ মাহমুদ বলেন, তাপমাত্রা বৃদ্ধি ও বায়ু দূষণের সম্মিলিত প্রভাব কেবল জনস্বাস্থ্য নয়, শ্রমবাজারের কাঠামোগত দুর্বলতাকে আরও প্রকট করে তুলছে।
ঢাকার মাদানি অ্যাভেনিউয়ে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এডিবির ইকোনমিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইমপ্যাক্ট বিভাগের প্রিন্সিপাল ইকোনমিস্ট নাজমুল চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল বায়েস, নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক ড. এম নিয়াজ আসাদুল্লাহ।