Published : 29 May 2026, 06:52 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যে মন্তব্য করেছেন সেটিকে ‘চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন’ বলে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
শুক্রবার এক বিবৃতিতে প্রতিমন্ত্রীর এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটি অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংগঠনের তরফে।
সম্প্রতি একটি অনলাইন প্ল্যাটফর্মের ‘পডকাস্টে’ ববি হাজ্জাজ বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যে পরিমাণ গবেষণা করে, তার কানাকড়িও ঢাকা বিশ্ববিদ্যালয় করে না।”
দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় প্রকৃত অর্থে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান নয় বরং ‘টিচিং ইউনিভার্সিটি’ বা কোচিং সেন্টারের মত পরিচালিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এমন একটি ঐতিহ্যবাহী ও জাতীয় আবেগ জড়ানো প্রতিষ্ঠান সম্পর্কে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার"- এই ধরনের বক্তব্য অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মনে করছে সাদা দল।
বিবৃতিতে বলা হয়, “গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিং অনুযায়ী, এটি বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান।
“এমনকি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেন।”
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি (প্রতিমন্ত্রী) ‘অসত্য তথ্যের’ ভিত্তিতে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তুলনা করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।
শিক্ষকদের ভাষ্য, প্রতিমন্ত্রীর এই মন্তব্য কোনো ‘সুস্থ বা ইতিহাস সচেতন মানুষের’ হতে পারে না। বরং এটি একজন চরম অর্বাচীন ব্যক্তির অজ্ঞতাপ্রসূত প্রলাপ। সরকারের একজন মন্ত্রী হিসেবে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং তা সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।
ববি হাজ্জাজ ‘অবিবেচনাপ্রসূত’ মন্তব্যের মাধ্যমে ঢাবির শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও অবদানকে চরমভাবে অপমান করেছেন বলেও মনে করছে সাদা দল।