Published : 11 Jan 2026, 11:21 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাসান মোহাম্মদকে হেনস্থার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন— সাদা দল।
রোববার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে প্রকাশ্যে অপমান, ভয় দেখানো, শারীরিক হেনস্থা করা শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।
“তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই আইনানুগ ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিস্পত্তি করতে হবে। এই নিষ্পত্তির একমাত্র পথ আইন ও প্রশাসনিক তদন্ত, কোনভাবেই ‘মব জাস্টিস’ নয়।”
এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে সাদা দল।
শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় চাকসু নেতারা আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে আইন অনুষদ এলাকা থেকে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে যান।
সেখান থেকে সন্ধ্যা ৭টার দিকে তাকে নেওয়া হয় উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের দপ্তরে।
সেখানে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী এবং চাকসু নেতারা বৈঠক করেন।
বৈঠক শেষে রাত ৯টার দিকে চাকসুর সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতার বাধার মুখেও প্রক্টরের গাড়িতে করে ওই শিক্ষককে ক্যাম্পাস থেকে বের করে দিতে দেখা যায়।
শিক্ষকদের সাথে এমন আচরণ শিক্ষার পরিবেশকে ‘হুমকির’ দিকে নিয়ে যাচ্ছে দাবি করে সাদা দলের নেতারা বলেন, “একই ঘটনা এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়ে আসছে, যা শিক্ষার পরিবেশকে হুমকির দিকে নিয়ে যাচ্ছে।
“গত ৩-৪ মাসে ক্যাম্পাসগুলোতে মব সংস্কৃতি ও শিক্ষক নিপীড়নের প্রবণতা আবার বাড়ছে, যা উদ্বেগজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এসব আগ্রাসী ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সাদা দল মনে করে, আইন নিজের হাতে তুলে নেওয়া অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ।”
আরও পড়ুন
৯ ঘণ্টা পর আওয়ামীপন্থি শিক্ষককে বাসায় পৌঁছে দিল চবি প্রশাসন
আওয়ামীপন্থি শিক্ষককে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিলেন চাকসু নেতারা