১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাকসু: নারী প্রার্থীদের সুরক্ষায় ‘সাইবার সিকিউরিটি সেল’ করার দাবি

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল আচরণবিধি ভঙ্গের শাস্তিও দাবি করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সাইবার জগতে নারী প্রার্থীদের সুরক্ষায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠনের দাবি জানিয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল।

রোববার ক্যাম্পাসের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা আট দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয়।

এসময় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী আল সাদী ভূইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের দাবির মধ্যে রয়েছে-

১. ডাকসু নির্বাচনে কেন্দ্রগুলো হতে হবে হলের কাছাকাছি, যাতে শিক্ষার্থীরা ভোটদানে উৎসাহী হয়ে ওঠে।

২. নির্বাচনের দিন পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে একটি নির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে, বিশেষ করে যে নির্বাচন কেন্দ্রগুলোর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে, সেগুলোর নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি ব্যালট বক্সের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. নির্বাচনের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে।

৪. নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করতে হবে।

৫. ডাকসুতে ভোট দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের রিনিউড হল কার্ড ব্যবহার করতে হয়। তবে অনাবাসিক অনেক শিক্ষার্থীর হল কার্ডই নেই। সেক্ষেত্রে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কার্ড এবং ২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের পে ইন স্লিপের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে।

৬. ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিং এবং নারী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রতি এক ধরনের অশোভন ও নারীবিদ্বেষী আচরণ দেখা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় ডিএমপির সাইবার ইউনিটের সঙ্গে যোগাযোগ করে একটি ‘সাইবার সিকিউরিটি সেল’ তৈরি করতে হবে।

৭. নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে অনেকেই ডাকসুর নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে। এমন ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

৮. নির্বাচনের দিন যেহেতু অধিক ভিড় হবে; সেই কারণে বুথগুলাতে পর্যাপ্ত খাবার পানি, স্যানিটেশন, মেডিকেল টিম রাখতে হবে।