Published : 05 Sep 2025, 01:13 AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের অনলাইনে নানাভাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইত, বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন। ১০ দিন আগের বক্তব্য ‘কাট’ করে ‘প্রপাগান্ডা’ না ছড়ালেও পারতেন।
“পুরা বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারত মানুষ। কেবল তো শুরু, আরও পাঁচ দিন বাকি। ততোদিনে কী যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।”
কাদের বলেন, “আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।”
গত বছরের জুলাই আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন আব্দুল কাদের। সেখান থেকে এ বছরের ফেব্রুয়ারিতে জুলাইয়ের সম্মুখসারির নেতাদের নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে সংগঠন তৈরি করেন। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তিনি। এই সংগঠনের প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ থেকে এবার ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছেন তিনি।
নির্বাচনের আগে অনলাইনে হয়রানি শিকার হওয়ার কথা তুলে ধরে কাদের বলেন, “সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে।
“তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই, শরীর কাঁপতে থাকতে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও বা ধৈর্য ক্ষমতা থাকে, আমি আর কতদিন নিতে পারব জানি না।”