Published : 26 Apr 2026, 07:24 PM
‘মাস্টারক্লাস অন এআই ফিল্মমেকিং’ আয়োজন করল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের উদ্যোগে এই আয়োজন হয়েছে বলে রোববার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সম্প্রতি এআইইউবির বিশেষায়িত ল্যাবে হওয়া এ ‘মাস্টারক্লাসে’ চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রহমান।
সমন্বয়কের দায়িত্বে ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অ্যানিমেশন ট্র্যাকের প্রভাষক রানি এলেন ভি. রামোস।
মাস্টারক্লাসে বক্তা ছিলেন অ্যানিমেশন মনস্টার স্টুডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নাওয়ীদ রাশিদ, সিবস সলিউশন্সের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী এবং অ্যানিমন ও সিব’স সলিউশন্সের সিনিয়র প্রম্পট ডিরেক্টর সাইলা শিকদার রেয়া।
বক্তারা বলেন, ধারণা তৈরি, স্ক্রিপ্ট উন্নয়ন, স্টোরিবোর্ড, ভিজ্যুয়াল ইফেক্টস থেকে পোস্ট-প্রোডাকশন— চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিজিআই ও ভার্চুয়াল প্রোডাকশনে এআই নতুন সৃজনশীল সম্ভাবনার দ্বার উন্মোচন করছে; একই সঙ্গে কর্মপ্রবাহকে করছে আরও গতিশীল ও ব্যয়সাশ্রয়ী।