ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়পত্র নিলেন আরও ২২ জন
এ পর্যন্ত ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়নপত্র নিয়েছেন পাঁচজন।
এছাড়া জেনারেল সেক্রেটারি (জিএস) পদে একজন, অ্যাসিসেন্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে দুইজন এবং অন্য পদে বাকি ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজসহ গত তিন দিনে আমাদের কাছে থেকে মোট ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে একজন, এজিএস পদে দুইজন, অন্য সম্পাদক পদে ১৮ জন এবং সদস্য পদে ১১ জন।”
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন। তবে কোনো পদের মনোনয়নপত্র জমা হয়েছে তা জানা যায়নি।
এছাড়া ১৮টি হল থেকে এখন পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান তিনি।
২৯ জুলাই ঘোষণা করা তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।
