Published : 23 Jan 2026, 12:00 AM
বিদ্যা ও সংগীতের দেবীর কৃপা লাভের আশায় এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৭ মণ্ডপে হবে সরস্বতী পূজা।
শুক্রবার সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাণী অর্চনা, আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সরস্বতীর আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
পূজা উপলক্ষে আলপনা ও আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর, শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলা, বিজ্ঞান অনুষদ চত্বর, কলাভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে নিজ নিজ বিভাগের মণ্ডপ সাজিয়েছেন শিক্ষার্থীরা।
পূজার আয়োজনে থাকা শিক্ষার্থীরা বলছেন, তারা দুই সপ্তাহ ধরে কাজ করছেন। নিমন্ত্রণপত্র বিতরণ এবং মূর্তি ও প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে। এখন তারা মণ্ডপের সাজসজ্জায় সময় পার করছেন।
গণিত বিভাগের পূজা আয়োজক কমিটির সদস্য সচিব প্রাণেশ মজুমদার বলেন, “আমাদের মণ্ডপে এবার কুঁড়েঘরের থিম নিয়ে এসেছি। নিমন্ত্রণপত্র বিতরণ করা শেষ, প্রতিমাও ক্রয় করেছি। প্রসাদ পুরোহিতসহ অন্যান্য সকল প্রস্তুতি শেষ। এখন শুধু মণ্ডপে আলপনা আঁকতেছি।”
বেশিরভাগ মণ্ডপের কাজই করছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
চারুকলা বিভাগের শিক্ষার্থী পায়েল দাস অনিক এবার দুটি বিভাগের মণ্ডপ প্রস্তুতের কাজ করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরাই আলাদা আলাদাভাবে মোটামুটি সকল বিভাগের মণ্ডপ সাজসজ্জার দায়িত্বে থাকেন। পূজার পর পরীক্ষা থাকার কারণে এবার আমি কেবল দুটি বিভাগের কাজ নিয়েছি। তার মধ্যে গণিত বিভাগের কাজটি একটু স্পেশাল। কাজ এখন শেষ পর্যায়ে আছে; রাতের মধ্যে সম্পন্ন করতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, “এবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি জকসুর প্রতিনিধিরাও আছেন। তাদের আমন্ত্রণ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সবকিছুই সুশৃঙ্খলভাবে এগোচ্ছে।
“আশা করছি সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারবে ও প্রশাসন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।”