Published : 18 Aug 2025, 03:26 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
তাতে ভিপি বা সহ-সভাপতি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক বা জিএস হিসেবে সাবিনা ইয়াসমিনকে মনোনীত করা হয়েছে। ‘ডাকসু ফর চেঞ্জ’ শীর্ষক এ প্যানেল থেকে এজিএস পদে লড়বেন ছাত্র অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সেখানেই ঘোষণা করা হয় এ প্যানেল, যার স্লোগান ‘ভোট ফর চেঞ্জ’।
‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল থেকে আরও যারা লড়বেন, তাদের মধ্যে রয়েছে- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিল খান, সমাজসেবা পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন।
১৭ সদস্যের এ প্যানেল থেকে সদস্য হিসেবে লড়বেন- রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক, মাহতাপ ইসলাম।
এদিনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিজেদের প্যানেল ঘোষণা করেছে। তাদের প্যানেলে ভিপি পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। আর জিএস পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ।
তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট।
নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।
১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন।
শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।