Published : 29 Mar 2026, 09:54 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে আগের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হককে অব্যাহতি দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
“একইসাথে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।”
আদেশে বলা হয়েছে, কাজে যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত নাসির উদ্দিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেজন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক রইছ উদদীন। তার দায়িত্ব নেওয়ার দ্বাদশতম দিনে অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হককে সরিয়ে প্রক্টর পদে অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হল।