১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আন্তঃশাহীন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা

বিমান বাহিনী পরিচালিত দেশের ১০টি বিএএফ শাহীন স্কুল ও কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

আন্তঃশাহীন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা
আন্তঃশাহীন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 07:09 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

‘কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানব সভ্যতার জন্য আশীর্বাদ নয়, অস্তিত্বের সংকট’ শীর্ষক বিতর্কে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজকে পরাজিত করে ‘আন্তঃশাহীন বিতর্ক প্রতিযোগিতা’র চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।

বুধবার প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে চার দিনব্যাপী এ আয়োজন শেষ হয়। বিমান বাহিনী পরিচালিত দেশের ১০টি বিএএফ শাহীন স্কুল ও কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন, রানারআপসহ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুশাদ দীন আছাদ।

তিনি বলেন, “সংসদে দাঁড়িয়ে যুক্তি সহকারে তথ্য উপস্থাপন করা, নিজের বক্তব্য জোরালোভাবে উপস্থাপন করে মনোযোগ আকর্ষণ করার ভিত্তি এই বিতর্কের মঞ্চ। প্রতিদ্বন্দ্বীদের শত্রুর চোখে না দেখে যুক্তির মাধ্যমে সবকিছু মোকাবেলা করতে হবে।”

এয়ার ভাইস মার্শাল আছাদ বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ, চিন্তাশক্তি বাড়ানো ও নেতৃত্ব তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানোর পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ ও হাতের লেখার প্রতি বিশেষভাবে যত্নশীল হওয়ার পরামর্শ দেন।”

চার দিনব্যাপী এ আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতাও হয়।