১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকসুতে প্যানেল দেবে না বাগছাস: চবি সদস্য সচিব

ডাকসু ও জাকসু নির্বাচনে তেমন সুবিধা করতে পারেনি জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গঠিত ছাত্র সংগঠনটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দলগতভাবে অংশ নেবে না বলে জানিয়েছেন এক নেতা।

তবে তাদের কেউ চাইলে স্বতন্ত্র হিসেবে অংশ নিতে পারবেন বলে বাগছাসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আল মাসনূন সাংবাদিকদের বলেছেন।

মঙ্গলবার চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনেও বাগছাসের প্যানেলের ঘোষণা আসেনি। এ বিষয়ে জানতে চাইলে মাসনূন এ কথা বলেন।

মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে ছাত্রশিবির ও ছাত্রদলের সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় ও হল সংসদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যৌথভাবে ‘দ্রোহ পর্ষদ‘ নামে প্যানল করে মনোনয়ন ফরম নিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাগছাস সমর্থিত প্যানেল অংশ নিয়েছিল। তবে ভোটে তেমন সুবিধা করতে পারেনি।

চাকসুতে প্যানেল না থাকার বিষয়ে আল মাসনূন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাকসু নির্বাচনে অংশ নিচ্ছি না। এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তবে আমাদের কেউ চাইলে কেন্দ্রীয় সংসদ বা হল সংসদে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন।”

এটা দলীয় সিদ্ধান্ত কিনা জানতে চাইলে চবি শাখার সহ-মুখপাত্র নওশিন তাবাসসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাকসু নির্বাচনে প্যানেল দিয়ে নির্বাচন করছি না। এটা আমাদের দলগত সিদ্ধান্ত। কেউ চাইলে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে।”

আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন সংগ্রহ শেষ হলেও বুধবার পর্যন্ত তা জমা দেওয়া যাবে।